শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মনির মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত আনুমানিক ১টার দিকে নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মনির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তিলারপাড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলায় মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া থানার সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একটি অটোরিকশায় সন্দেহ হলে সেটির গতিরোধ করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি চালিয়ে ভেতরে থাকা মনির মিয়ার কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে থানায় নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির মিয়া মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নড়িয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।


