শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পোড়াগাছা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল (হাতবোমা) ও দেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) মোক্তারের চর ইউনিয়ন পোড়াগাছা এলাকার বেপারীকান্দি বাচ্চু পেদার বসতঘর ও পেদাবাড়ি মসজিদ থেকে ওই ককটেল ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতরা হলেন মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) ও রনি পেদা (২৫)।
নড়িয়া থানা সূত্রে জানা যায়, বোমা ও অস্ত্র মজুতের খবর গোপন সংবাদের মাধ্যমে পেয়ে রোববার রাত ১টা ৫৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা বেপারীকান্দি গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়।
এ সময় প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চার বালতি ককটেল উদ্ধার করা হয়। পরে বাচ্চু পেদাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির পাশেই অবস্থিত একটি মসজিদ থেকে আরও চার বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও চার বালতি উদ্ধার করা হয়।
এতে মোট ১২ বালতিতে ৯৫টি ককটেল (হাতবোমা) পাওয়া গেছে। এ সময় দেশি অস্ত্র হিসেবে উদ্ধার করা হয় আটটি তেতা ও তিনটি রামদা।
উদ্ধারকৃত ককটেল ও দেশি অস্ত্র এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সোমবার (২ জানুয়ারি) সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


