শরীয়তপুর-২ সংসদীয় আসনটি গঠিত নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা নিয়ে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন। মনোনয়ন ঘোষণার পর থেকেই নির্বাচনি মাঠে নতুন মাত্রার চমক যোগ করেছেন তার সহধর্মিণী ফারহানা কাদির লাবণ্য।
স্বামীর পক্ষে গণসংযোগে নেমে অল্প সময়ের মধ্যেই রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে ওঠে এসেছেন তিনি। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলছেন দিনরাত এক করে। পথসভা, উঠান বৈঠক আর সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন লাবণ্য। এই আসনের নির্বাচনি ইতিহাসে তার সক্রিয় উপস্থিতি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করেছে।
প্রতিদিনই একের পর এক উঠান বৈঠকে নারীদের সঙ্গে কথা বলছেন, তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি। যেখানে যাচ্ছেন, সেখানেই জমে উঠছে জনসমাগম। তার সাবলীল বক্তব্য, সহজ ভঙ্গি ও আন্তরিক উপস্থিতি ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বাড়িয়ে তুলেছে।
এ দিকে ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরনকে ঘিরে দলীয়ভাবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলেও, তৃণমূলে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন ফারহানা কাদির লাবণ্য। অনেকেই মনে করছেন, তার মাঠপর্যায়ের সক্রিয়তা নির্বাচনি প্রচার ভিন্ন মাত্রা যোগ করেছে।
এ বিষয়ে ফারহানা কাদির লাবণ্য বলেন, নড়িয়া ও সখিপুরের মানুষের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। একজন গৃহবধূ হিসেবে মানুষের সঙ্গে মিশে তাদের কথা শোনার সুযোগ পাচ্ছি। আমার স্বামীর পাশে থেকে এই এলাকার মানুষের সেবা করতে চাই এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে কাজ করতে চাই।
নির্বাচনি মাঠে কিরনপত্নী লাবণ্যের এই সরব উপস্থিতি শেষ পর্যন্ত ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা।


