শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৭০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় হালিমা–খালেক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ অসহায় মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই সহায়তা তাদের ঈদের প্রস্তুতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
অনুষ্ঠানে সফিকুর রহমান কিরণ বলেন, হালিমা–খালেক ফাউন্ডেশনের উদ্যোগে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের প্রায় ৭০০ দরিদ্র পরিবারের মাঝে সহায়তার ব্যাগ বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এমন একটি সময় আসবে, যখন সহায়তার ব্যাগ নিয়ে অপেক্ষা করতে হবে, কিন্তু এত হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না—এটাই তাদের প্রত্যাশা।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তাদের বিশ্বাস। সমাজের গৃহহারা, অসহায় ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশেষ করে যেসব বয়স্ক মানুষ দেখভালের অভাবে কষ্টে জীবনযাপন করছেন, তাঁদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এমপি কিরণ বলেন, তিনি চান নড়িয়া ও সখীপুর এলাকার কোনো মানুষ যেন অভুক্ত অবস্থায় ঘুমাতে না যান—এটাই তার অঙ্গীকার।
অনুষ্ঠানে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট বিএম আজিজুল হাকিম, হালিমা–খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ, ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুর রহমান ফকির, মোসাম্মৎ সাধনা মাঝি, হোসাইন ইসলাম জয়সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন