শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ লাল বালু বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় রানিশিমুল গ্রামের বালু ব্যবসায়ী হযরত আলীকে (৩০) অবৈধভাবে উত্তোলিত লাল বালু পরিবহনের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, শ্রীবরদী উপজেলায় বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযানে প্রমাণিত হয় যে, বালুগুলো নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মর্মে তিনি অঙ্গীকার করেন।
তিনি আরও জানান, জব্দকৃত বালু সরকারি কাজে ব্যবহারের জন্য কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


