প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ করেছেন নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের স্থানীয় মুসল্লিরা। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্থ মডেল মসজিদটি গণপূর্ত বিভাগের মাধ্যমে উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর রানীগাঁও এলাকায় ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হয়। একই বছরের ১৭ এপ্রিল এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর থেকেই মডেল মসজিদ কাম সাংস্কৃতিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু প্রায় সাড়ে ৮ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দেড় মাস আগে বিপিডিবি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এরপর থেকে দেড় মাস ধরে মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায় করছিলেন স্থানীয় মুসল্লিরা। মসজিদটির খতিব ও ইমাম মুফতি তৈয়ব আলী আকন্দ জানান, দুদিন আগে এলাকার লোকজনের উদ্যোগে একটি প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি বরাদ্দ না থাকায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করেছে। দেড় মাস ধরে আমরা বিদ্যুৎহীন অবস্থায় আছি। পরে দুদিন আগে স্থানীয় যুবসমাজের উদ্যোগে দু-একটি বাতি জ্বালানো ও অজুর পানির সামান্য ব্যবস্থা করার জন্য প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও ও উপপরিচালক অবগত আছেন বলেও তিনি জানান। তিনি নতুন সরকারের কাছে দাবি জানান, যেন দ্রুত বিষয়টির স্থায়ী সমাধান করা হয়।
ওই এলাকার এক মুসল্লি বলেন, ‘আমাদের মডেল মসজিদে প্রায় দুই মাস ধরে কোনো বিদ্যুৎ নেই। আমরা মোম জ্বালিয়ে নামাজ পড়ি। পানি না থাকায় অজু করতে কষ্ট হয়। সরকার যেন পুনরায় লাইন সংযোগ দেয়, যাতে আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি।’
আরেক মুসল্লি নাজমুল আহসান কবির বলেন, সরকার যেন দ্রুত পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়। রমজান মাসে আমাদের নামাজ পড়তে খুবই সমস্যা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, ৮ লাখ ২৮ হাজার টাকা বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে ইউএনও মহোদয়ের নির্দেশে একটি প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমিনুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করার কথা। বাকি বিল স্থানীয় কমিটির মাধ্যমে সংগ্রহ করে পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু কিছু মসজিদ জনবহুল এলাকায় না হওয়ায় এমন সমস্যা হয়েছে। তিনি জানান, পবিত্র রমজান পর্যন্ত সংযোগ চালু রাখতে কিছু টাকা জোগাড় করে বিপিডিবিকে অনুরোধ করেছিলেন। বর্তমানে তার জানা মতে সংযোগ বিচ্ছিন্নই রয়েছে।


