শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়ি ছাড়া ও ভুট্টা খেত লুট করার অভিযোগ উঠেছে। ভাতিজার নাম আশরাফ আলী।
শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া মধ্য গ্রামে এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মামুন মিয়া শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিজের জমি থেকে ভুট্টা উত্তোলন করেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত আশরাফ আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) ভুক্তভোগী মামুন মিয়ার ৫৯ শতাংশ জমির পাকা ভুট্টা খেত থেকে জোর পূর্বক আশরাফসহ তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৮৪ হাজার টাকা মূল্যের ৮৪ মণ ভুট্টা তোলে নিয়ে গেছে। বর্তমানে শশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী মামুন মিয়া। এ ছাড়া পার্শ্ববর্তী আরেক খেতের ভুট্টা নষ্ট করেছে বলেও তিনি জানান।
ভুক্তভোগী মামুন মিয়া আরও বলেন, এর আগে আমাকে ও আমার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে আশরাফ। এ ঘটনায় সে হাজতবাস করেছে। এখন আমি বাড়ি ছাড়া। আমি বাড়িতে গেলেই আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে আশরাফ। আমি বাড়ি ফিরতে চাই।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ভুট্টা মামুন লাগিয়েছে। কিন্তু খেতের মালিক আশরাফ। শুনেছি মামুন খেত ইজারা নিয়েছে। এখন আশরাফ লোকজন নিয়ে এসে ভুট্টা তোলে নিয়ে গেছে। তাদের চাচা-ভাতিজার ব্যাপার আমরা এর বেশি কিছু জানি না।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফ জানান, আমার চাচা মামুন মিথ্যা মামলায় আমাকে জেল খাটিয়েছে। সে অনেক আগে গরু চুরি করায় এখন এলাকার লোকজন তাকে বাড়ি ঢুকতে দিচ্ছে না। আর ভুট্টা খেতের টাকা তাকে ফসলের মূল্যসহ ফেরত দিয়েছি। এখন সে অস্বীকার করলে আমার কিছু করার নেই।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।


