সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল রোববার (২২ ডিসেম্বর) রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথম আগুন লাগে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের চর দমদমা গ্রামে। সেখানে কিছু শীতার্ত ব্যক্তি শীত নিবারণের জন্য আগুন জ্বালালে অসাবধানতাবশত পাশের রওশন আলী নামের এক কৃষকের খড়ের গাদায় আগুন লাগে।
রওশন আলী জানান, আগুন দ্রুত তার পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। তবে গবাদি পশুর কোনো প্রাণহানি ঘটেনি। পার্শ্ববর্তী কামারখন্দ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেন। এতে তার অন্তত এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে গভীর রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের বাড়ির বাইরে রাখা খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে বিশাল আকারের দুটি খড়ের গাদা পুড়ে যায়। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক। তিনি বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম জানান, চয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের খড়ের গাদায় আগুন লাগানোর বিষয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দোষী ব্যক্তিদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার মিজানুর রহমান জানান, চরদমদমা গ্রামে তাদের বাহিনী পৌঁছার আগে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেন। অনুরূপ কথা জানালেন উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান। তার বাহিনীও চয়ড়া গ্রামে পৌঁছার আগেই প্রতিবেশীরা আব্দুর রাজ্জাকের খড়ের পালার আগুন নেভাতে সক্ষম হন।


