সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। আহতদের মধ্যে লাশবাহী গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের হানিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহত চালকদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ওসি ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যানবাহন সরানোর কাজ শুরু করে।
দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
হাইওয়ে পুলিশ এ সময় চালক ও পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে।



