ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় ছয়টি আসনে ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টিকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৪৬৪টিকে ‘সাধারণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে প্রশাসন।
পুলিশ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনের ছবি পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮। জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে এবং সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে (কাজীপুর ও সদর উপজেলার একাংশ)। জেলার ছয়টি আসনে ভোটার সংখ্যা তুলে ধরা হলো-
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) : ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন (পুরুষ ১ লাখ ৮৯ হাজার ৬৭৬, নারী ১ লাখ ৯৫ হাজার ৩৪৪, তৃতীয় লিঙ্গ ৪ জন)।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) : ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন (পুরুষ ২ লাখ ৩৫ হাজার ২৪৮, নারী ২ লাখ ৩৪ হাজার ৬২৬, তৃতীয় লিঙ্গ ৪ জন)।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) : ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন (পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৩৭, নারী ২ লাখ ২১ হাজার ৬৮৩, তৃতীয় লিঙ্গ ৭ জন)।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) : ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন (পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৬৮০, নারী ২ লাখ ৩২ হাজার ১২৫, তৃতীয় লিঙ্গ ১৬ জন)।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) : ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন (পুরুষ ২ লাখ ১৮ হাজার ৬৬৪, নারী ২ লাখ ৭ হাজার ৬৫৫, তৃতীয় লিঙ্গ ২ জন)।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) : ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন (পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৪১২, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৭২, তৃতীয় লিঙ্গ ৩ জন)।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র-সংক্রান্ত প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘কেন্দ্রগুলো আমরা পর্যায়ক্রমে পরিদর্শন করছি। সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।’
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আমরা করি না, এটি পুলিশের দায়িত্ব। তবে আমাদের কাছে সব কেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ।’



