ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিল ছেলে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

প্যারোলে তিন ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিল ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলতাফ হোসেন। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশি পাহারায় নিজ গ্রামে আসে আলতাফ। ২০০১ সালে উল্লাপাড়ার বহুল আলোচিত পূর্ণিমা ধর্ষণ মামলায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এই মামলায় ২০১১ সালে আলতাফ হোসেনসহ মোট ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

আলতাফ হোসেনের ভাতিজা মাহফুজ হোসেন জানান, আলতাফ হোসেনের মায়ের মৃত্যুর পর তারা সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তার প্যারোলে মুক্তির আবেদন করেন। আদালত তাকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেন।

তিনি আরও জানান, মায়ের জানাজায় অংশ নিয়ে আলতাফ হোসেন অভিযোগ করেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।  বিনা অপরাধে প্রায় ১৮ বছর কারাভোগ করেছে। আলতাফ হোসেন বর্তমান সরকারের কাছে পূর্ণিমা ধর্ষণ মামলাটির পুনঃতদন্তের আবেদনও করে।’

প্রসঙ্গত, ২০০১ সালের ৮ অক্টোবর উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের অনিল চন্দ্র শীলের মেয়ে তখনকার স্কুলছাত্রী পূর্ণিমা রানী শীল গণধর্ষণের শিকার হয়। মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়। এই মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, বাকিরা খালাস পান।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. সাকিউল আজম জানান, পূর্ণিমা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলতাফ হোসেন প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নেয়।