ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশির মনিরের হাতে ফুল দিয়ে বিএনপির ২ শতাধিক সমর্থকের জামায়াতে যোগদান

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩৫ পিএম
শিশির মনিরের বাসায় গিয়ে দিরাই-শাল্লার দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের হাতে ফুল দিয়ে বিএনপি সমর্থিত দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। 

শিশির মনিরের ব্যক্তিগত মিডিয়া সেল সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে দিরাই পৌর শহরে শিশির মনিরের বাসায় গিয়ে দিরাই উপজেলার রাজানগর ও সরমঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং যোগদান করেন। এ সময় যোগদানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়।

এর মধ্যে রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহিদ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

এ ছাড়া সকাল ১০টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের বিএনপি নেতা ইলিয়াস মিয়া, বাবুল মিয়া, ফখর উদ্দিন, দিলকিছ মিয়া, সোনাই মিয়া, নজর মিয়া, এমরান হোসেন, মিঠু মিয়া, জামির উদ্দিন ও জাহাঙ্গির মিয়ার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী ধানের শীষের পরিবর্তে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ সময় শিশির মনির নবাগতদের স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যোগদানের প্রতিক্রিয়ায় রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিদ আলী বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতি করেছি। এটা আমার জন্য এক ধরনের আবেগের সিদ্ধান্ত। আমার ছেলে দেশের বাইরে থাকে। সে নিয়মিত ফোন করে শিশির মনির ভাইয়ের পক্ষে কথা বলে এবং আমাকে উৎসাহ দিয়েছে।

তিনি আরও বলেন, ছেলের আগ্রহ থেকেই আমারও শিশির মনিরের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। আমি মনে করি, তিনি জয়ী হলে এ অঞ্চলের গরিব মানুষ উপকৃত হবে।

শাহিদ আলী জানান, তার সঙ্গে রাজানগর ইউনিয়নের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।