ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

সিলেট ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:০৬ এএম
অবৈধ অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশি। ছবি- সংগৃহীত

অবৈধভাবে ভারত প্রবেশকারী ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সিলেটের তামাবিল ইমিগ্রেশনে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০২৪ সালের নভেম্বর মাসে তারা সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ করেন। তখন বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে কারাগারে প্রেরণ করা হয়। নির্ধারিত কারাভোগ শেষে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বলেন, বিএসএফ ও বিজিবির মাধ্যমে দুই দেশের ইমিগ্রেশন পুলিশের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।