ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার’

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এমন একটি রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে একজন মা যেমন তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করেন, তেমনি দেশের প্রতিটি নাগরিক নিজ ভূখণ্ডে নিজেকে নিরাপদ ও শান্তিতে আছে বলে অনুভব করবে। নাগরিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।

রোববার (১১ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে আয়োজিত পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্ম এবং রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা যদি একটি নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে ব্যর্থ হই, তাহলে মহান আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি আগামী প্রজন্মের কাছেও আমাদের জবাবদিহি করতে হবে।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি হতে হবে জনকল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক। দেশের মানুষ যেন ভয়হীনভাবে চলাফেরা করতে পারে এবং রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, সহসভাপতি অ্যাডভোকেট নুর আহমদ ও উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।