কনের বাড়িতে বিয়ের সব আয়োজনই ছিল। সেখানে বরযাত্রীকে স্বাগত জানাতে বাড়ির সামনে তৈরি করা হয় গেট। আপ্যায়নের জন্য ছিল সুস্বাদু খাবারের আয়োজন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে ৩০-৪০ জন বরযাত্রী কনের বাড়িতে এসে উপস্থিত হওয়ার কথা ছিল। চলছিল বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি। বিয়ের নিবন্ধনের জন্য কাজিকেও ডাকা হয়।
তবে বিপত্তি বাধে কনের বয়স নিয়ে। কনে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী (১৫)। অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের খবর পেয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বিয়েবাড়িতে উপস্থিত হয়ে ওই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে নির্দেশ দেন ।
স্থানীয়দের উপস্থিতিতে কনের মা ও তার স্বজনদের বাল্যবিবাহর কুফল, রাষ্ট্রীয় আইন সম্পর্কে অবহিত করে বিয়ের আয়োজন বন্ধ করেন তিনি।
একইসঙ্গে পাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না- এই মর্মে পাত্রীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার ৭ম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রীর (১৫) সঙ্গে একই উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দি লক্ষনছড়া গ্রামের রাজু নামের এক যুবকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়। গোপনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালানো হয়। গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন