সিলেটে সিএনজি চালিত অটোরিকশার দুই চালকের মধ্যে মারামারির ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহানগরীর জিন্দাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন নুরুল ইসলাম (৪০)। তিনি মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে। অপর আহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্দাবাজারের জল্লারপার রোডে রাজা’স মিউজিয়ামের সামনে প্রধান সড়কে দুইটি সিএনজি চালিত অটোরিকশার চালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। মারামারির সময় এক চালক অপর চালককে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে দুই জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, ‘জিন্দাবাজার এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনায় দুজন আহত হয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’



