সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার সব ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকালের দিকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক ভোটারকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট জেলার সব কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিম তৎপর রয়েছে।
সিলেটের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসাহ থাকলেও কোথাও কোথাও ধীরগতিতে ভোটগ্রহণ চলছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোট দিতে আসা সিলেট মহানগরীর শেখঘাট এলাকার ভোটার আফরোজ আলী বলেন, ‘সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। আশা করি শান্তিপূর্ণভাবেই নির্বাচন শেষ হবে।’
এদিকে গণভোটেও ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ব্যালট পেপার সম্পর্কে ভোটারদের বুঝিয়ে দিতে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সহায়তা করছেন।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সরওয়ার আলম জানান, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


