ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিজ দেশ নিয়েই গর্ব করতে হবে: প্রধানমন্ত্রী

সিলেট ব্যুরো
প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে। এ দেশ আমাদের। খুব বেশি দূরে নয়, একদিন আমরা আর বিদেশ নিয়ে গর্ব করব না; আমরা আমাদের বাংলাদেশ নিয়েই গর্ব করব। এজন্য সবাইকে একসঙ্গে দেশ গঠনে কাজ করতে হবে। এগিয়ে আসতে হবে।

শনিবার (২ মে) দুপুরে সিলেটে বাসিয়া নদীর খনন কাজের উদ্বোধন করে সংক্ষিপ্ত সমাবেশে জনতার উদ্দেশে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি শুনেছি সিলেটে কলকারখানা কম। কর্মসংস্থানের সুযোগও কম। কলকারখানা নেই বললেই চলে। আমি আপনাদের সিলেটের সন্তান বাণিজ্যমন্ত্রীকে বলেছি, সারাদেশে বন্ধ কলকারখানা চালুর ব্যবস্থা নিতে। সিলেটে কলকারখানা স্থাপনের উদ্যোগ নিতে, যাতে এখানেও বিপুল কর্মসংস্থান হয়। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য কাজ করতে পারব। সেই বিশ্বাস আমাদের ওপর রাখবেন। আপনারা আমাদের যে আস্থা দেখিয়ে ক্ষমতায় দিয়েছেন, আমাদের সরকার তার মর্যাদা দেবে। কথায় নয়, আমরা কাজ করে দেখাব।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার সকালে সিলেট সফরে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে এবার দলীয়প্রধান হিসেবে নয়, সফর করছেন প্রধানমন্ত্রী হিসেবে। সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী, এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, প্রমুখ।

এরপর সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহর নিয়ে সরাসরি সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতে যান প্রধানমন্ত্রী। মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সফর।

সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

সকালে সিলেট পৌঁছে মাজার জিয়ারত শেষে সুরমা নদীতীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। সকাল সাড়ে ১০টার পর নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী এসময় প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
সিসিক জানায়, সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন নদীভাঙন রোধ হবে, অন্যদিকে নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে সকাল সাড়ে ১১টায় সিলেট সিটি করপোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন তিনি। এতে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।