ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার ঘোষণা জামায়াত প্রার্থীর

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৩৭ পিএম
দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১১-দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে ১১-দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

ডা. একেএম আব্দুল হামিদ বলেন, ‘নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ারের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে এ দুটি উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও জানান, তার নির্বাচনি এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রণীত নির্বাচনি ইশতেহারেও নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১১-দলীয় জোট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির এবং টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা মো. আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিপুলসংখ্যক সাধারণ মানুষ এবং টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।