ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুষ্ঠু ভোট নিশ্চিতে টাঙ্গাইলের সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:০১ পিএম
টাঙ্গাইল জেলার আটটি আসনে সিসি ক্যামেরা স্থাপন। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার আটটি আসনের মোট ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে নিবিড় নজরদারির জন্য ২ হাজার ৩৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের মধুপুর উপজেলায় ৮৯টি কেন্দ্রে ২৩৮টি এবং ধনবাড়ি উপজেলায় ৫১টি কেন্দ্রে ১৪৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের গোপালপুর উপজেলার ৭৭টি কেন্দ্রে ১৫৪টি ও ভূঞাপুর উপজেলার ৬১টি কেন্দ্রে ২৬৪টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ১২২টি কেন্দ্রে ২০০টি, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ১১৪টি কেন্দ্রে ১৬৯টি এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১৩০টি কেন্দ্রে ২৬০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এ ছাড়া টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের দেলদুয়ার উপজেলার ৫৮টি কেন্দ্রে ১৩২টি ও নাগরপুর উপজেলার ৯৬টি কেন্দ্রে ২৩৩টি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬টি কেন্দ্রে ৩০০টি এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বাসাইল উপজেলার ৫৫টি কেন্দ্রে ১১৪টি ও সখিপুর উপজেলার ৭৬টি কেন্দ্রে ১৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোটগ্রহণের পরিবেশ স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর টহল কার্যক্রম চলমান। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচনি দায়িত্বে মোট ৬৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

জেলার আটটি আসনের ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১৮ হাজার ৮৯৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ২ হাজার ৪২৫ জন, বিজিবি ৩৮০ জন, সেনাবাহিনী ২ হাজার জন, আনসার ১৩ হাজার ৮১৯ জন, র‍্যাব ৮০ জন ও ব্যাটালিয়ন আনসার ১৯২ জন রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ। প্রতিটি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন নিয়ে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে টাঙ্গাইল জেলার আটটি আসনের প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো বিশেষ নজরদারিতে রাখা হবে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।