ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইল-১ আসনে ধানের শীষের জয়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৩১ পিএম
ফকির মাহবুব আনাম (বিএনপি)। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফকির মাহবুব আনাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী ৯৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। 

জানা যায়, এ আসনের মোট ১৪৮টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে দলীয় সমর্থকদের।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৫০৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৯২ হাজার ৮৭৮টি। গণভোটের ফলাফল নিয়েও রাজনৈতিক মহলে চলছে আলোচনা-পর্যালোচনা।

বিজয়ী প্রার্থী ফকির মাহবুব আনাম বলেন, এই বিজয় আমার একার নয়; এটি মধুপুর-ধনবাড়ীর সর্বস্তরের জনগণের বিজয়। জনগণ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। আমি সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।

অন্যদিকে পরাজিত প্রার্থী আব্দুল্লাহেল কাফী ফলাফলকে সম্মান জানিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে মধুপুর-ধনবাড়ী জনগণের সেবায় নিয়োজিত আহবান জানান। দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান বলে দলীয় সূত্রে জানা গেছে।

টাঙ্গাইল-১ আসনের এ ফলাফলের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।