ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের তীরনই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার চেষ্টা করার কারণে মোজাম্মেল হক নামে এক কৃষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আহত কৃষক মোজাম্মেল হক ওই উপজেলার বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের তফিল উদ্দীনের ছেলে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ৭-৮ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কৃষক মোজাম্মেল হকের খতিয়ানভুক্ত জমি থেকে তীরনই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বাধা দেওয়ার পর সিন্ডিকেটের লোকজন কৃষকের ওপর চড়াও হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।
আরও জানা যায়, তারা বেলচা দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। আহত মোজাম্মেল হক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ঘটনাস্থলে যান এবং মাহিন্দ্র ট্রলি, বেলচা ও গাছের লাঠি জব্দ করে থানায় নিয়ে আসেন।
সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গাড়ির মালিকসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


