ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে একই দিনে ২ জনের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫২ এএম
ঠাকুরগাঁও সদর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে এক ব্যক্তি এবং মাথাব্যথা সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহর ও সদর উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

তারা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব হাজীপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৫০) এবং সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাশগাড়া-ফকিরপাড়া এলাকার মো. তোফায়েল হোসেনের মেয়ে তামান্না আক্তার (১৫)।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সাদেকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। একপর্যায়ে তিনি নিজের বসতবাড়ি প্রায় ১৪ লাখ টাকায় বিক্রি করে দেন।

এরপর পূর্ব হাজীপাড়া এলাকায় মৃত কাউসার আলীর বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানেও ঋণ করে অনলাইন জুয়া খেলতে থাকেন তিনি। সব টাকা হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েন সাদেকুল ইসলাম। পরিবারকে নিয়ে দিশাহারা হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন।

মৃত সাদেকুলের ছেলে সাইরুল ইসলাম বলেন, আমাদের একটি পাকা বাড়ি ছিল। বাবা গোপনে সেটি বিক্রি করে অনলাইন জুয়ায় সব টাকা উড়িয়ে দেয়। আমি আর মা বারবার বাধা দিয়েছি, কিন্তু তিনি শুনেননি। এখন আমরা পুরোপুরি সর্বশান্ত।

স্ত্রী মরজিনা বেগম বলেন, অনেক চেষ্টা করেও ওনাকে জুয়া থেকে ফেরাতে পারিনি। বাড়ি বিক্রির সব টাকা জুয়ায় শেষ করেছে। ঋণের চাপ আর টাকার অভাবে চিকিৎসাও করাতে পারিনি।

আজ সন্ধ্যায় ঘরে ঘুমিয়েছিল, কখন যে গলায় ফাঁস দিয়েছে বুঝতে পারিনি। খেতে ডাকতে গিয়ে দেখি ঝুলন্ত অবস্থায় আছে। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

অন্যদিকে, সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাশগাড়া-ফকিরপাড়া এলাকায় তামান্না আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যরা জানান, তামান্না দীর্ঘদিন ধরে তীব্র মাথাব্যথায় ভুগছিল। শনিবার দুপুরে পরিবারের অগোচরে নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, পরিবারের ভাষ্যমতে অনলাইন জুয়া ও ঋণের কারণে সাদেকুল ইসলাম আত্মহত্যা করেছেন। আর তামান্না আক্তার দীর্ঘদিনের মাথাব্যথার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।