ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অন্যায় না করা নৌকার সমর্থকদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হাসিনা তাদের লোকজনকে ফেলে নিজে দিল্লিতে চলে গেছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদের সেই বিপদ থেকে উদ্ধার করব। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, আমরা তাদের বুকে টেনে নেব।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনি প্রচার ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল এবং আমি আপনাদের ব্যক্তিগতভাবে পরিচিত একজন মানুষ। দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করেছি, কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি কাজ করব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ না থাকলেও আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে, সেটি হলো দাঁড়িপাল্লা। ৯১ সালে আমরা দাঁড়িপাল্লাকে দেখেছিলাম। সে সময় তারা খুব কম ভোট পেয়েছিল।’

মহাসচিব বলেন, ‘এর আগে আমরা কখনো ঠিকভাবে ভোট দিতে পারিনি। সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছে। এবার একটি সঠিক ভোট হবে—এমন আশা করছি, যেখানে সকল ভোটার স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করব। এটা আমার শেষ ভোট, আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ ভোটে দয়া করে আপনারা সবাই আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন।’

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।