ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের মানুষ জেগে গিয়েছে, এবার তারা ভোট দেবেই : মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:০২ পিএম
নির্বাচনি এলাকায় আয়োজিত এক পথসভায় কথা বলেন মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে, সত্য কথা বলে এবং সত্য লিখে।

তিনি বলেছেন, নির্বাচন বানচাল ও ভন্ডুল করার জন্য কিছু লোক সব সময় চেষ্টা করে। তবে এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে, তা কেউ ঠেকাতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ গন্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টুমি করার সাহস না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে আপনারা সকলে শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন। পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।