ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে প্রেস ও মিডিয়া সেল।
সভায় মিজানুর রহমান মাস্টার বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে এতে তাদের কোনো বাধা থাকবে না। বরং সাংবাদিকরা যদি তাদের দোষ-ত্রুটিগুলো তুলে ধরেন, তাহলে তা সংশোধনের সুযোগ পাওয়া যাবে।
তিনি আরও বলেন, ‘একটি উপজেলায় ৫০ শয্যার হাসপাতাল যথেষ্ট নয়। আমি নির্বাচিত হলে এ আসনের ৫০ শয্যার হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীত করবো, ইনশাআল্লাহ।’
রজব আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মুফতি আমানুল্লাহ আমান এবং পৌর আমির আব্দুল মাতিন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল জুয়েল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা।


