ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধর্মের নামে রাজনীতি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:০৪ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের নামে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ইসলাম কোনো দলের সম্পত্তি নয় এবং ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা মারাত্মক অন্যায়। তিনি বলেন, রাজনীতি করতে হলে সত্যের পথে থাকতে হবে, মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করা তার অধিকার। কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না। ইসলামের নামে মানুষকে ভুল বোঝাবেন না।

তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, তারা ইসলামের কথা বলে রাজনীতি করছে, অথচ অনেক আলেম-ওলামা স্পষ্ট করে বলেছেন—জামায়াত কোনো ইসলামী দল নয়।

চরমোনাই পীরের বক্তব্য উদ্ধৃত করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমোনাই পীর সাহেব পরিষ্কার করে বলেছেন—জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়। তাহলে মানুষকে কেন ভুল পথে নেওয়া হচ্ছে?’

জামায়াতের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, সাধারণ মা-বোনদের বলা হচ্ছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। তিনি এ বক্তব্যকে ‘নাউজুবিল্লাহ’ উল্লেখ করে বলেন, ‘জান্নাত কোনো প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। একজন মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর। কে জান্নাতে যাবে, কে যাবে না—সেটা একমাত্র আল্লাহ তায়ালাই নির্ধারণ করবেন।’

তিনি আরও বলেন, ‘ইসলামে মায়ের পায়ের নিচে জান্নাত বলা হয়েছে। অথচ আজ আমরা দেখছি, মা-বোনদের নিয়ে অশালীন ও কটু বক্তব্য দেওয়া হচ্ছে। যদি আমরা নারীদের সম্মান না করি, তাহলে কীভাবে আমরা ভালো মুসলমান হতে পারি?’

জামায়াতের আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)–এ দেওয়া একটি পোস্টের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এসব বক্তব্য ইসলামের শিক্ষা ও শালীনতার পরিপন্থী।

তিনি বলেন, গিবত করবেন না, মিথ্যা বলবেন না। ইসলামের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন।

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সবসময় কাজকর্মে বিশ্বাসী। আমরা কাউকে ধর্মের ভয় দেখিয়ে রাজনীতি করি না। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে, জনগণের শক্তিতে।

নির্বাচনি সভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।