জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভে ফেটে পড়েছে ভুক্তভোগীরা। তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তিয়াস তিমু পাম্পের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ চলার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি তেলের সংকট সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


