ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি হাজী মনসুর আলী ফিলিং স্টেশন থেকে পেট্রোল কিনে বিপাকে পড়েছেন দুই শতাধিক মোটরসাইকেল চালক। ভেজাল তেলের কারণে বাড়ি ফিরতে না পেরে তারা পাম্পের সামনে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে জনতার বিক্ষোভের মুখে পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে তেল ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বাধ্য হয়।
হাজী মনসুর আলী ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুর রহিম জানান, সোমবার বিকেলে তাদের পাম্পে ৩ হাজার লিটার পেট্রোল এবং ৬ হাজার লিটার ডিজেল আসে।
মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালকদের কাছে ওই পেট্রোল বিক্রি শুরু হয়। সকাল ৯টার দিকে বিক্রি শুরু হলেও পেট্রোল নেওয়ার পর চালকেরা বেশিদূর যেতে পারেননি। কিছুদূর যাওয়ার পরই তাদের মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
এতে ভেজাল তেল বা ডিজেল মিশ্রণের অভিযোগ তুলে সবাই পাম্পে ফিরে এসে বিক্ষোভ করেন। গ্রাহকদের অভিযোগ, পেট্রোলে ডিজেল মিশ্রিত থাকায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
পরে বেশিরভাগ চালক মোটরসাইকেল নিয়ে ফিরে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পাম্প কর্তৃপক্ষ মোটরসাইকেল থেকে তেল বের করে তা ফেরত নেয় এবং গ্রাহকদের টাকা ফেরত দেয়।
পাম্পের ম্যানেজার জানান, কিছু গ্রাহককে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত পেট্রোল সরবরাহ করা হয়েছিল।
ভুল্লি থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পাম্প কর্তৃপক্ষ তেল ফেরত নিয়ে তাদের টাকা ফেরত দিয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী বলেন, এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষ সরাসরি দায়ী নয়। ডিপো থেকে তেল আনার সময় এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে।
পরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য মোটরসাইকেল চালকরা ঘটনাটি জানতে পেরে লাইন ছেড়ে চলে যান।


