ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জানুয়ারিতে সাংবাদিক মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৪৩ পিএম
ছবি- সংগৃহীত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি এ কে আজাদ। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারা দেশে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় এ কে আজাদ বলেন, ‘আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারা দেশের সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসমাবেশ করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে আসেন। সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।