ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী চক্রের সদস্য গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৫৫ এএম
বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপের সদস্য গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে বিদেশি রিভলভার-পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আশিকুর ইসলাম শান্ত (২০)। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আশিকুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম এবং ডিবি মিরপুর জোনাল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় পালানোর চেষ্টা করলে পুলিশ আশিকুর ইসলামকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মিরপুরের ১০ নম্বর সেকশনের ডি-ব্লক এলাকার প্যারিস রোডে একটি পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলার সিঁড়ির তলা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড ৯ এমএম ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭ দশমিক ৬২ এমএম গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর ইসলাম পুলিশকে জানিয়েছেন, তিনি ‘ভইরা দে’ নামে একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, আশিকুর ইসলাম ডিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকসংক্রান্ত মোট ১০টি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি।