ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:৩০ পিএম
তেজগাঁও থানা । ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৪ জানুয়ারি) তেজগাঁও থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত অন্যদের শনাক্ত করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ শেষে বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে রোববার সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নেন। এতে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও ও পান্থপথ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ শিক্ষার্থী স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত সাকিবুল হাসান রানা (১৮) তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। চার দিন পর, ১০ ডিসেম্বর রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ওসি ক্যশৈনু বলেন, সহপাঠী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এর আগেও একই দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করেছিলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজও বিচার দাবিতে তারা ফের ফার্মগেট এলাকায় আন্দোলনে নামেন।