রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন বলেন, আমার ভাই কদমতলী–জুরাইন এলাকায় বসবাস করতেন। আগে তিনি ভাঙারি ব্যবসা করলেও গত দুই মাস ধরে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলেন। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানান, ভাই আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, কে বা কারা কী কারণে আমার ভাইকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তারা ওই এলাকারই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

