রাজধানীর বনশ্রীতে স্কুলশিক্ষার্থী ফাতেমা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গুলশানে কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাটে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুনীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার ২য় তলায় বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া রহমানের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়া। বাবার নাম মৃত শহীদ আলী।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া তরুণীর শরীরে আরও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায়, এই তরুণী একটি বারে কাজ করতেন। পশ্চিম কালাচাঁদপুরে ওই ফ্লাটে মীমের সাথে আরেক তরুণী থাকত। কিন্তু লাশ উদ্ধারের সময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যেকোনো সময় তাকে জবাই করে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।


