রাজধানীর যাত্রাবাড়ীতে চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালীতে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান বলেন, সকাল থেকে যাত্রাবাড়ী কুতুবখালী পকেটগেট এলাকায় মোবাইল ডিউটি ছিল। আমরা ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য সেখানে ডিউটি করছিলাম। এ সময় চারজন যুবক দুটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিল। তাদের সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ তল্লাশি করতে যান। এ সময় একজন কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করে। তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের পিছু নেই। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, ব্যাগের মধ্যে একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া যায়। সেগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহত শাহ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি যাত্রাবাড়ী থানার পরিবহন শাখায় কর্মরত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন