ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:০২ এএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেনশেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), তাদের ছেলে রোহান (৩) ও শ্যালক অপু (২৩)।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর সাড়ে ৫টার দিকে ভর্তি করা হয়।

তাদের নিয়ে আসা মো. মামুন বলেন, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলার নিচতলার ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। তিনি শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে পূর্ব রায়েরবাজারে জাহানারা ভিলার নিচতলায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, হাজারীবাগ রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে এসেছে। শেখ রুমান ২৫ শতাংশ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ, তার ছেলে রুহান ২৫ শতাংশ ও তার শ্যালক অপুর ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।