রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশানঘাট BIWTA নতুন প্রজেক্টের ভেতরে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে গণধোলাইয়ের পর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।
তাকে ঢামেকে নিয়ে আসা BIWTA প্রজেক্টে সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব বলেন, রাত সাড়ে ১০টার দিকে শ্মশানঘাট BIWTA প্রজেক্টের ভেতরে রড চুরি করার সময় স্থানীয় লোকজন গণধোলাই দিলে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


