ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:১৮ এএম
আহত সাংবাদিক তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সংবাদকর্মীকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও কোনো তোয়াক্কা না করে পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা ও শারীরিক নির্যাতন চালায়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মাদকবিরোধী অভিযানের সংবাদ সরাসরি সম্প্রচার করার সময় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ, এনপিবি নিউজের আকাশ এবং আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার কাওসার আহমেদ রিপন। 

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে বাংলানিউজের তোফায়েল আহমেদ বেশি আঘাত পেয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ভোঁতা অস্ত্রের আঘাতে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে।

সাংবাদিক আকাশ ও কাওসার আহমেদ রিপনের ভাষ্য, রাতে উদ্যান এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের দৃশ্য জনসমক্ষে তুলে ধরতে তোফায়েল আহমেদসহ কয়েকজন সাংবাদিক ফেসবুক লাইভে সম্প্রচার করছিলেন। এ সময় একদল পুলিশ সদস্য তাদের ওপর চড়াও হন।

তারা বলেন, পুলিশ কোনো বাছবিচার না করে সাংবাদিকদের মারধর করে। তোফায়েলকে মারধর করা হলে আমরা উদ্ধার করতে গেলে আমারও লাঠিপেটার শিকার হই। এতে তোফায়েল আহমেদের মাথা ও পিঠে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।

এ বিষয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম–এর ক্রাইম বিটের প্রধান সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল বলেন, এর আগেও রমনা পার্ক এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান সরাসরি সম্প্রচার করা হয়েছে। পুলিশের অপরাধ দমন কার্যক্রম দায়িত্বশীলভাবে তুলে ধরতে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। 

তার অভিযোগ, এবার দায়িত্ব পালনকালে তোফায়েলের ওপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়েছে, যার ভিডিও ফুটেজ রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ভিডিও ফুটেজ যাচাই করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।