ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সরকার গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএসসিসির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। একই অধ্যাদেশের উপধারা (৩) অনুসারে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র পেশ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও জমা দেওয়ার নির্দেশনা দেন।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তিনি।
দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রশাসক।
বিকেলে নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মো. আব্দুস সালাম বলেন, ‘সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক। আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। পরিচ্ছন্ন ঢাকা, মশক নিধনসহ বাসযোগ্য নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে কাজের মাধ্যমেই নগরবাসীর বিশ্বাস অর্জন করতে হবে। নাগরিকদের অভিযোগ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে। যেসব বড় সমস্যা সিটি করপোরেশনের এখতিয়ারের বাইরে, সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
নবনিযুক্ত প্রশাসক সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ডিএসসিসিকে একটি জনবান্ধব ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

