ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উত্তরায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:৫৯ এএম
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা কামারপাড়ায় একটি বাসায় গ্যাস পাইপ লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টর কবরস্থান রোডের আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিচ তলার এবং দ্বিতীয় তলার দেয়াল ভেঙে যায়।

দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯) ও রুবেল (৩৫)।

রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। এনায়েত পরিবার সম্প্রতি গ্রাম থেকে বেড়াতে এসেছিলেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের চিকিৎসা চলছে, কার কত শতাংশ দগ্ধ তা ড্রেসিং করার পর বলা সম্ভব হবে।