ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৬:০৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানা এলাকায় বঙ্গবন্ধু ভবনের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. রিপন (৪৫) ও মো. সুলতান (৫০)।

বুধবার (১০ মার্চ) ভোরের দিকে ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, রাত প্রায় চারটার দিকে মুরগির একটি ভ্যানগাড়ি ইউ-টার্ন দিচ্ছিল। তখন পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হন।

নিহত রিপনের গ্রামের বাড়ি শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে, এবং সুলতানের গ্রামের বাড়ি শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।