ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের দিনে ভিন্নরূপে ঢাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:৫১ এএম
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সকালে রাজধানীর চিরচেনা নিস্তব্ধ রূপ এবার কিছুটা ভিন্ন। সচরাচর ঈদের দিন দুপুর পর্যন্ত ঢাকা প্রায় যানবাহনশূন্য থাকলেও, এবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে দেখা গেছে গণপরিবহনের সরব উপস্থিতি। 

যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকলেও বাস ও সিএনজি অটোরিকশার চাকা ঘুরছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবার পরিবহনের সংকট অনেকটাই কম। 

বিশেষ করে গুলিস্তান জিরো পয়েন্টকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বাস চলাচল করছে। গুলিস্তান থেকে শাহবাগ ও ফার্মগেট হয়ে মিরপুর রুটে যেমন বাস চলছে, তেমনি ধানমন্ডি-শ্যামলী হয়ে গাবতলীর পথেও বাসের দেখা মিলছে।

পূর্ব ঢাকার চিত্রও একই। গুলিস্তান হয়ে রামপুরা, বাড্ডা ও আব্দুল্লাহপুর রুটে নিয়মিত বিরতিতে বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া সায়েদাবাদ ও সাইনবোর্ড এলাকার দিকেও গণপরিবহন চলছে স্বাভাবিক গতিতে। বাসের পাশাপাশি সিএনজি অটোরিকশার দাপটও রয়েছে রাস্তাগুলোতে।

মিরপুর রুটে চলাচলকারী এক বাস চালক জানান, সকালে নামাজের আগে লোক কম থাকে। তবে নামাজ শেষ হলেই মানুষ আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া শুরু করবে। তখন আশা করি যাত্রী বাড়বে।

নিজের ঈদ আনন্দ নিয়ে এই চালক বলেন, আমাদের কাছে ঈদ বা উৎসবের চেয়ে দায়িত্বটাই বড়। পরিবারের জন্য নতুন কাপড় কিনেছি ঠিকই, কিন্তু নিজের জন্য কিছু কেনা হয়নি।