ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৬:৩৯ পিএম
প্রতীকী ছবি।

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় রাব্বীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বী আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বন্ধু সিয়াম জানান, রাব্বী এক বান্ধবীর সঙ্গে দেখা করতে মধুবাগ এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাব্বীর বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামে। তিনি ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।