ঈদের ছুটির সময় রাজধানীর গুলশান এলাকায় একটি বাড়ি দখলের অভিযোগে সমালোচনার মুখে পড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানা যায়।
অভিযোগ অনুযায়ী, ঈদের ছুটিতে বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে গত বৃহস্পতিবার দুপুরের দিকে গুলশান-১ এলাকার ১২৭ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি পুলিশের উপস্থিতিতেই ঘটলেও উল্টো ক্ষতিগ্রস্তদেরই হয়রানির শিকার হতে হয়েছে।
বাড়ির মালিকের অভিযোগ, ডিএমপির গুলশান জোনের এসি আলী আহম্মেদ মাসুদ, এসআই মাহফুজুল হক, এসআই মো. সামিউল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতি ও সহায়তায় এই দখল প্রক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে অভিযুক্ত এসি আলী আহম্মেদ মাসুদকে ডিএমপির মানবসম্পদ বিভাগে (এইচআরডি) সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) পদে স্থানান্তর করা হয়েছে। তবে একই ঘটনায় অভিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিএমপি সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন