ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:২৭ এএম

রাজধানীর ডেমরার বাঁশপট্টী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. সুরুজ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ আলীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাগরদী এলাকার কৃষ্ণপট্টি গ্রামে। তিনি বর্তমানে ডেমরার কোনাপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছেলে মো. আলমাছ বলেন, আমার বাবা রাত সাড়ে ৭টার দিকে বাঁশেরপুল এলাকার প্রধান সড়ক পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, প্রথমে আমরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।