রাজধানী ঢাকার শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুরের ঢাকা মেসার্স আরআরএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের নাম ও বয়স হলো : মো. হিরা (৩৫), মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।
দগ্ধরা জানিয়েছেন, তারা সকালে বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ ভালো লোহার সঙ্গে নিম্নমানের বা ত্রুটিপূর্ণ লোহা দিয়ে বয়লারে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা ছিটকে তাদের শরীরে লেগে দগ্ধ করে।
সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে মানিক মিয়ার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। অন্যদের শরীরের দগ্ধ অংশ ৪ থেকে ১১ শতাংশ। মানিক মিয়াকে ভর্তি রাখা হয়েছে। হিরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন