রাজধানীর কোতোয়ালীর রায় শাহেব বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় রিকশা আরোহী মুসলিম মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
বুধবার (০১এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুসলিম মিয়ার আত্মীয় মোহাম্মদ আল-আমিন বলেন, কোতোয়ালীর রায় সাহেব বাজার এলাকায় রিকশায় করে মার্কেটে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে সজোরে ধাক্কা দেয়। রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত মুসলিম মিয়ার গ্রামের বাড়ি, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে। নিহত মুসলিম মিয়ার তিন ছেলে ও তিন মেয়ের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


