ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোগান্তি নিরসনে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:৫৫ পিএম
ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়। ছবি : সংগৃহীত

নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামের সঙ্গে মতবিনিময় করছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

রোববার (৫ এপ্রিল) সকালে এ মতবিনিময় করেন তারা।

যৌথ এই মতবিনিময় কালে দুই এমপি নিজ নিজ সংসদীয় এলাকার গ্যাস সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের দুরাবস্থা, বর্জ্য অব্যবস্থাপনা, নিরাপদ পানির অভাব, মাদক, কিশোরগ্যাং, খেলার মাঠের অভাব, জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অব্যবস্থপনাসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তি বিদ্যমান সমস্যা গুলো সমাধানের ব্যবস্থা নিতে ডিএসসিসি'র প্রশাসকের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি সাংসদ কামাল হোসেন বলেন, যাত্রাবাড়ীতে স্থাপিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা প্রয়োজন। তিনি বলেন, শহীদ স্মৃতি স্তম্ভের মর্যাদা রক্ষায় চারপাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। শহীদের সম্মানার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে তিনি ডিএসসিসির প্রশাসককে অনুরোধ জানান। ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহাজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, কদমতলী থানা আমীর মহিউদ্দিন, মহানগরীর শুরা সদস্য যথাক্রমে আব্দুর রহিম জীবন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা আবদুর রব ফারুকী, অধ্যক্ষ যাকীর হুসাইন, মাওলানা মো. জুনায়েদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।