ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকার চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার অন্যতম আসামি মিজানুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পিবিআই। ‘ক্যাশিয়ার শাহিন’ নামেও পরিচিত শাহিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা।
বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।
মিজানুর রহমান শাহিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা এবং শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে।
দুপুরে তাকে ঢাকার আদালতে নেওয়া হলে আদালত তার জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআইয়ের পরিদর্শক মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এছাড়া বাতেন নামের এক আসামি পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃত আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, মিজানুর রহমান শাহিনের নির্দেশনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পিবিআইয়ের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, আসামি শাহিন দীর্ঘ ১১ মাস পলাতক ছিলেন। বুধবার ভোরে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


