রাজধানীতে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে ভুক্তভোগীর ছিনতাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করে তা মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের আওতাধীন শেরেবাংলানগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর এলাকায় এ ঘটনা ঘটে। টহল ডিউটি পালনকালে আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু এবং এপিসি মো. রাজিব হোসেন ঘটনাটি প্রত্যক্ষ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ছিনতাইকারী এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত ধাওয়া করে রাজিবুল ইসলাম নামে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আটকের পর ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের দুটি কানের দুল তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আনসার সদস্যদের তাৎক্ষণিক উপস্থিতি, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সুস্পষ্ট প্রতিফলন দেখা গেছে। তাদের এই কার্যকর ভূমিকা জনসাধারণের নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে তারা সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন